ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
ডিমলা উপজেলার কুটিরডাঙ্গাসহ আশপাশের পাঁচটি মৌজার জনগণের দীর্ঘদিনের ভোগান্তি এবং বুড়িতিস্তা নদীতে প্রস্তাবিত রিজার্ভার প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৮টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।
তিনি বলেন, বুড়িতিস্তা নদীতে পূর্ববর্তী সরকারের আমলে একনেকে অনুমোদিত রিজার্ভার প্রকল্পকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এলাকাবাসীর স্বার্থ রক্ষা এবং দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
সংসদ সদস্য আরও বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা উচিত নয়। এলাকার মানুষের জীবন-জীবিকা, কৃষিজমি এবং বসতভিটার সম্ভাব্য ক্ষতির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। এছাড়া উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা বুড়িতিস্তা নদীসংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং প্রস্তাবিত রিজার্ভার প্রকল্প নিয়ে তাদের উদ্বেগ ও মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন, জনগণের স্বার্থ সংরক্ষণ এবং গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

