চিলমারীতে ফুটবল উন্মাদনা, আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের ২০০ ও ৩০০ হাত দীর্ঘ পতাকা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যতিক্রমী উন্মাদনা দেখা গেছে। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের উদ্যোগে তৈরি হয়েছে কয়েকশো হাত দীর্ঘ বিশাল পতাকা, যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্র নদ তীরবর্তী থানাহাট ইউনিয়নের হাটিথানা গ্রামের আর্জেন্টিনা সমর্থকরা কয়েকদিন আগে প্রায় ২০০ হাত দীর্ঘ একটি পতাকা তৈরি করেন। পরে সেটি প্রদর্শনের পর আশপাশের এলাকায় ব্যাপক আগ্রহ তৈরি হয়।

এরই ধারাবাহিকতায় পাশের পুটিমারী গ্রামের ব্রাজিল সমর্থকরা শুক্রবার সকালে প্রায় ৩০০ হাত দীর্ঘ পতাকা তৈরি করে শোভাযাত্রা বের করেন। দুই পক্ষের এমন উদ্যোগকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সকাল থেকে আর্জেন্টিনা সমর্থকরা তাদের পতাকা নিয়ে মিছিল বের করেন। কিছুক্ষণ পর ব্রাজিল সমর্থকরাও একইভাবে নিজেদের পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। পরে দুই পক্ষের তরুণরা একত্রিত হয়ে আনন্দ-উচ্ছ্বাস ও স্লোগানের মাধ্যমে যৌথভাবে কর্মসূচি শেষ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়দের অংশগ্রহণে তৈরি এই পতাকা দুটি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন। অনেকে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

আর্জেন্টিনা সমর্থক পলাশ হাসান বলেন, তারা প্রথমে ২০০ হাত দীর্ঘ পতাকা তৈরি করেন এবং পরে ব্রাজিল সমর্থকরা আরও বড় পতাকা তৈরি করে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করে।

অন্যদিকে ব্রাজিল সমর্থক রাসেল বাবু জানান, তাদের পক্ষ থেকে ৩০০ হাত দীর্ঘ পতাকা আগেই তৈরি করা ছিল এবং সময়মতো প্রদর্শন করা হয়েছে।

স্থানীয় দর্শনার্থীরা বলেন, ফুটবলকে কেন্দ্র করে দুই পক্ষের এমন উদ্যোগ এলাকায় আনন্দ ও সৌহার্দ্য সৃষ্টি করেছে। প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তা সম্প্রীতির পরিবেশে রূপ নিয়েছে।

বিশ্বকাপের মূল আসর শুরু হতে আরও কিছু সময় বাকি থাকলেও চিলমারীর এই দুই গ্রামে আগেই শুরু হয়েছে ফুটবল উৎসব, যা স্থানীয়দের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here