নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ইয়োথ ইকোনোমিক এমপাওয়ারমেন্ট (YEE) উদ্যোগে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও অপরাজেয় বাংলাদেশের সহযোগিতায় নিয়োগকর্তা ও শ্রমিক সংগঠনের অংশগ্রহণে অর্ধ-বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পেশার উদ্যোক্তা, শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
YEE উদ্যোগের লক্ষ্য হিসেবে সভায় তুলে ধরা হয়— নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করা, শ্রম অধিকার ও কল্যাণ রক্ষা, যুবক ও যুব নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, নিয়োগকর্তা-শ্রমিক সহযোগিতা জোরদার, কর্মক্ষেত্রে হয়রানি ও সহিংসতা প্রতিরোধ, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধি, এবং নৈতিক শ্রম পরিবেশ গড়ে তোলা।
সভায় অংশগ্রহণকারীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে ছিল— মূলধনের অভাব, ব্যাংক ঋণ প্রাপ্তিতে জটিলতা, অনির্ধারিত কর্মঘণ্টা, শ্রম আইন বাস্তবায়নের দুর্বলতা, সামাজিক বৈষম্য, নিরাপত্তাহীনতা, বাল্যবিবাহ, ইভটিজিং, জমি সংক্রান্ত বিরোধ, রাজনৈতিক প্রতিহিংসা ও মাদক সমস্যা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সমাধানের জন্য অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, প্রেসক্লাবের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধি অত্যন্ত জরুরি। একইসঙ্গে সামাজিক বৈষম্য দূর করে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অপরাজেয় বাংলাদেশের স্পেস টু লিড প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শেখ আমিনা আক্তারের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।
সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম. খোদাদাদ হোসেন। তিনি বলেন, উন্নয়নমূলক কর্মসূচি শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
শেষে সকল অংশগ্রহণকারীর প্রতি ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

