সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের সাটুরিয়া প্রেসক্লাবের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সন্ধ্যায় সাটুরিয়া প্রেসক্লাব হলরুমে দেশীয় ও ঐতিহ্যবাহী নানা মৌসুমী ফলের সমাহারে এ আনন্দঘন আয়োজন করা হয়।
সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মনিরুজ্জামান, সাটুরিয়া অফিসার্স ক্লাবের সেক্রেটারি ইউসুফ হোসেন এবং উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আজিজ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাটুরিয়া জোনাল অফিসের ডিজিএম মো. ওয়ালিউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মাখছুদ হোসেন, সাটুরিয়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাকিল মাহমুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন।
বক্তারা বলেন, বাঙালি সংস্কৃতির সঙ্গে ফল উৎসবের ঐতিহ্য গভীরভাবে জড়িত। আধুনিক ও ব্যস্ত জীবনের মাঝে দেশীয় ফল এবং লোকজ সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা গণমাধ্যমকর্মীদের এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, ড্রাগন ফল, তালের আঁশ, আনারসসহ নানা ধরনের দেশীয় মৌসুমী ফল পরিবেশন করা হয়। ফলের বৈচিত্র্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ উৎসব অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করে।
অনুষ্ঠানে সাটুরিয়া প্রেসক্লাবের সদস্য, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এই বাংলা/এমএস
টপিক

