নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি একটি স্পিডবোটের ওপর পাওয়া যায়।
মঙ্গলবার (৯ জুন) সকালে রাজশাহীর বাঘা, কুষ্টিয়ার দৌলতপুর এবং নাটোরের লালপুর উপজেলার সীমান্তবর্তী চর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত ব্যক্তি মো. আজিজুল হক (৩৫), যিনি ‘জরু মাস্তান’ নামেও পরিচিত। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হিজলী পাবনা পাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সীমান্তবর্তী চর এলাকায় গোলাগুলির শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা একটি স্পিডবোটের ওপর এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে লাল রঙের প্লাস্টিকের বস্তা দিয়ে আচ্ছাদিত একটি সবুজ-নীল রঙের স্পিডবোটও জব্দ করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নৌ পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

