নীলফামারী প্রতিনিধি :
‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী জেনারেল হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে নীলফামারী জেনারেল হাসপাতাল চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালি বের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা.আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মেহেদী মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম, হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহেল মাফি, সিনিয়র কনসালটেন্ট ডা. শাহ্ মো. মোয়াজ্জেম হোসেনসহ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহেল মাফি বলেন, এডিস মশার বিস্তার রোধে হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাই সচেতন হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক

