নিজস্ব প্রতিবেদক :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী ও জিয়নপুর ইউনিয়নের সীমান্তবর্তী খোর্দ্দছাতিয়ান ও বিষ্ণুপুর গ্রামের একটি সরকারি রাস্তা দখলের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে তারা রাস্তা দখলমুক্ত করে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাত গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ওই কাঁচা রাস্তা। সম্প্রতি রাস্তাটি মাটি ভরাট করে উঁচু করা হলেও এর একটি অংশ বাউন্ডারি দিয়ে ঘিরে রাখার অভিযোগ ওঠে।
স্থানীয় এলাকাবাসীর পক্ষে দাবি জানান খোর্দ্দছাতিয়ান গ্রামের বাসিন্দা মোঃ সেলিম শেখ , রাস্তার পূর্ব পাশে অবস্থিত মৃত রফিকুল ইসলামের বাড়ির অংশে সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের চলাচলের পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী জানান, বিষ্ণুপুর ও খোর্দ্দছাতিয়ান গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। মাঠ থেকে ধান, পাটসহ বিভিন্ন ফসল বাড়িতে আনতে এই রাস্তাই তাদের প্রধান ভরসা। কিন্তু বাউন্ডারির কারণে গরুর গাড়ি ও কৃষি যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে কৃষকদের অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে এবং দুর্ভোগ বাড়ছে। পাশাপাশি শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলেও সৃষ্টি হয়েছে নানা প্রতিবন্ধকতা।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, বাউন্ডারির ভেতরে থাকা বাড়ির বৃষ্টির পানি সরাসরি রাস্তায় নেমে এসে বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করছে। ফলে বর্ষা মৌসুমে চলাচল আরও কষ্টসাধ্য হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, বাউন্ডারি অপসারণের বিষয়ে আলোচনা করতে গেলে অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে সহযোগিতা না করে উল্টো মামলা করার হুমকি দেওয়া হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত পরিবারের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি জানান জিয়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক বিশ্বাস, বিষয়টি দ্রুত সমাধান না হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হতে পারে। তাই সরকারি রাস্তা দখলমুক্ত করতে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সরকারি রাস্তা জনগণের জন্য উন্মুক্ত করবে এবং স্বাভাবিক চলাচলের পরিবেশ ফিরিয়ে আনবে।
এই বাংলা/এমএস
টপিক

