মিরসরাইয়ে ২ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ গাড়ি ও চালক আটক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

 

 

‎কক্সবাজার থেকে প্রাইভেটকারে করে ঢাকায় নেওয়ার পথে ৬৮ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত অভিযোগে বাবু মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

‎রবিবার (৩১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় জোরারগঞ্জ থানা পুলিশ।

‎আটক বাবু মোল্লা চুয়াডাঙ্গা পৌরসভার হকপাড়া এলাকার মৃত শফি মোল্লার ছেলে। জব্দ করা ইয়াবার বাজারমূল্য প্রায় ২ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

‎পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে যাত্রীবাহী একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসিয়ে গাড়িটি থামানো হয়। এ সময় ঢাকা মেট্রো-গ ৩৪-৭৬৮৯ নম্বরের গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সেটিকে আটক করে।

‎পরে গাড়ির পেছনের অংশে বিশেষভাবে লুকানো সাতটি প্যাকেট থেকে ইয়াবা জব্দ করা হয়। প্রতিটি প্যাকেটে প্রায় ১০ হাজার পিস করে ইয়াবা ছিল বলে জানায় পুলিশ।

‎জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকারটি তল্লাশি করা হয়। পরে বেকডালার ভেতর থেকে সুসজ্জিতভাবে মোড়ানো সাতটি প্যাকেটে ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় গাড়িচালক বাবু মোল্লাকে আটক করা হয়েছে।’

‎তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক ব্যক্তি একটি বড় মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here