চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযানে ভারতীয় মদ, গাঁজা, ইয়াবা ও এস্কাফ সিরাপসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত ২১ মে রাত আনুমানিক ১০টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের আশরাফ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে মনাকষা বিওপির একটি টহল দল স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি পরিত্যক্ত দোকানঘর তল্লাশি করে ভারতীয় ৭ বোতল মদ, ৫০০ গ্রাম গাঁজা, ৮০ পিস ইয়াবা এবং ৫১০ বোতল এস্কাফ সিরাপ জব্দ করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলে জানানো হয়েছে। পরে এসব মাদক শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এছাড়া বিজিবি জানায়, চলতি বছরে তাদের দায়িত্বপূর্ণ এলাকায় একাধিক অভিযানে মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা ও বিভিন্ন নিষিদ্ধ সিরাপসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।
বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে অতিরিক্ত টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।
এই বাংলা/এমএস
টপিক

