বকশীগঞ্জ প্রতিনিধি :
শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর হামলার ঘটনার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম, সহকারী অধ্যাপক (অ্যানেস্থেসিয়া-ইনসিটু) ডা. আশরাফুল ইসলাম এবং মেডিকেল অফিসার ডা. রাসেল মাহমুদ।
বক্তারা বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না থাকলে হাসপাতালে স্বাভাবিক সেবা প্রদান ব্যাহত হবে। দায়িত্ব পালন করতে গিয়ে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আরও বলেন, স্বাস্থ্যকর্মীরাই যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মানববন্ধন থেকে হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা জোরদার, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত শুক্রবার (১৬ মে) রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শরীয়তপুর সদর হাসপাতালে ডা. নাসির ইসলামের ওপর হামলা চালায় রোগীর স্বজনরা। এতে তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক

