অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি সরকারি ওষুধ সরবরাহ করতে এসে বিপাকে পড়েন একটি কাভার ভ্যানের চালক ও হেলপার। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ছয়টার দিকে অষ্টগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিচু হয়ে ঝুলে থাকা বিদ্যুৎ লাইনের কারণে দুর্ঘটনার সৃষ্টি হলে স্থানীয় এক দোকানদারের দাবির মুখে তাদের ৫০০ টাকা জরিমানা গুনতে হয়।
কাভার ভ্যানের চালক আলম জানান, তেজগাঁও থেকে সরকারি হাসপাতালের জরুরি ওষুধ নিয়ে আসার সময় অষ্টগ্রাম বাজার এলাকায় প্রবেশ করতে গিয়ে তারা সমস্যায় পড়েন। রাস্তার ওপর নিচু করে টানানো বিদ্যুৎ সংযোগ লাইনের কারণে গাড়ি নিয়ে নিরাপদে প্রবেশ করা সম্ভব হচ্ছিল না। হেলপার একাধিকবার চেষ্টা করলেও শেষ পর্যন্ত গাড়ির ছাদের সঙ্গে একটি দোকানের বৈদ্যুতিক মিটার লেগে সেটি বোর্ড থেকে খুলে ঝুলে পড়ে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঘটনার পর ক্ষুব্ধ দোকানদার চালক ও হেলপারের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। প্রথমে ৬০০ টাকা দাবি করা হলেও পরে আশপাশের দোকানদারদের মধ্যস্থতায় ১০০ টাকা কমিয়ে ৫০০ টাকায় বিষয়টির মীমাংসা করা হয়।
চালক আলম বলেন, আমরা ঢাকা থেকে সরকারি হাসপাতালের জরুরি ওষুধ নিয়ে এসেছি। রাস্তা যেহেতু আছে, গাড়ি তো আসবেই। কিন্তু নিচু করে টানানো বিদ্যুৎ লাইনের কারণে আমাদের এই ভোগান্তির শিকার হতে হয়েছে। সরকারি দায়িত্ব পালন করতে এসে জরিমানা গুনতে হলো।
তিনি আরও বলেন, বাজার এলাকার ঝুঁকিপূর্ণ ও নিচু বিদ্যুৎ সংযোগ লাইন দ্রুত অপসারণ করে সঠিক উচ্চতায় স্থাপন করা প্রয়োজন। ভবিষ্যতে যাতে সরকারি কাজে নিয়োজিত যানবাহন কিংবা সাধারণ মানুষ এমন দুর্ভোগের শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর (টি এইচ ও) ডাঃ শাহ মহিবুল্লাহ-এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এই বাংলা/এমএস
টপিক

