বকশীগঞ্জে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বকশীগঞ্জ প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলার পৌর এলাকার স্থানীয় খাদ্য গুদাম (এলএসডি) প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে বকশীগঞ্জ উপজেলায় মোট ১ হাজার ২৯৭ মেট্রিক টন ধান এবং ৮২৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা এবং প্রতি কেজি চালের মূল্য ৪৯ টাকা নির্ধারণ করেছে সরকার।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, গত ৩ মে থেকে সারাদেশে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফিয়া সুলতানা, উপজেলা খাদ্য পরিদর্শক মনিরা বিলকিস, স্থানীয় বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাবলু, চালকল মালিক সমিতির সভাপতি আবুল কালাম এবং সাবেক কাউন্সিলর জহুরুল হকসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছে। কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষকরা যাতে সহজে সরকারি গুদামে ধান বিক্রি করতে পারেন, সে বিষয়ে প্রশাসন গুরুত্ব দিয়ে কাজ করছে। পাশাপাশি মিলারদের কাছ থেকে মানসম্মত চাল সংগ্রহেও নজরদারি রাখা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, “সরকারের এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাবেন। কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।”

স্থানীয় কৃষকরাও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরাসরি সরকারি গুদামে ধান বিক্রির সুযোগ পাওয়ায় তারা উপকৃত হবেন এবং বাজারের দালালচক্রের প্রভাব কমবে বলে আশা করছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here