কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের দামুরপাড় সওদাগর বাড়িতে প্রবাসীর বসতঘরে কিশোর গ্যাংয়ের হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা জানান।
ভুক্তভোগীদের অভিযোগ, ওমান প্রবাসী সুমন ও তার ভাই ওয়াসিম এবং হতদরিদ্র অটোরিকশা চালক মহিন উদ্দিনের বসতঘরে ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এ সময় ঘরে ঢুকে তারা ভাঙচুর ও আতঙ্ক সৃষ্টি করে বলে দাবি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার একটি পক্ষ এ হামলা চালায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঘটনার পর ভুক্তভোগীদের পক্ষ থেকে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
খবর পেয়ে রাতেই নাঙ্গলকোট থানার এসআই আরিফ রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদারও ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের আশ্বস্ত করেন এবং জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।
অভিযুক্তদের মধ্যে জোনায়েদ, বাবু, আফাজ উদ্দিন, শরীফ মিয়া, সাইমন, জিহাদ, ওয়াজিদ ও মারুফসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

