কোরবানির ঈদ সামনে রেখে চট্টগ্রামে মসলার বাজারে অস্থিরতা, সিন্ডিকেটের অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো :

 

কোরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জ কেন্দ্রিক মসলার বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে এলাচ, জিরা, দারুচিনি, আদাসহ বিভিন্ন মসলার দাম লাগামহীনভাবে বাড়ছে বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রামের মসলার বাজার নিয়ন্ত্রণ করছে অন্তত চারটি প্রভাবশালী সিন্ডিকেট। তাদের নিয়ন্ত্রণেই পরিচালিত হচ্ছে পাইকারি বাজারের বেশিরভাগ বেচাকেনা। ফলে প্রতিদিনই বাড়ছে বিভিন্ন মসলার দাম।

পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, সবচেয়ে বেশি দাম বেড়েছে এলাচের। এক মাসের কম সময়ের মধ্যে এলাচের দাম ৪০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে ৩ হাজার ২০০ থেকে ৪ হাজার টাকায়, যা গত সপ্তাহেও ছিল ২ হাজার ৯০০ থেকে ৩ হাজার ৬০০ টাকা।

এছাড়া দারুচিনি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০০ টাকায়, যা আগে ছিল ৫৬০ টাকা। জিরার দাম বেড়ে হয়েছে ৭৫০ থেকে ৮৫০ টাকা কেজি। আদা বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৬০ টাকা কেজি দরে। লবঙ্গসহ অন্যান্য মসলার দামও গত বছরের তুলনায় কেজিতে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ক্রেতাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছে। বাজারে কার্যকর নজরদারি না থাকায় একের পর এক পণ্যের দাম বেড়েই চলেছে।

তবে চাক্তাই-আসাদগঞ্জ এলাকার ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। তাদের দাবি, ভারতে এলাচের দাম বেড়েছে এবং নতুন করে কাস্টমস ডিউটি ১৫ শতাংশ বাড়ানো হয়েছে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রাম বিভাগের সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ডলারের দাম ও সরবরাহ সংকটের অজুহাত দেখানো হলেও বাজারে অস্থিরতার মূল কারণ হলো অসাধু সিন্ডিকেট ও প্রশাসনিক তদারকির অভাব। নিয়মিত বাজার মনিটরিং ও কঠোর ব্যবস্থা না থাকায় সাধারণ ভোক্তাদের বাড়তি দামে নিত্যপ্রয়োজনীয় মসলা কিনতে হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here