নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে জারিয়া-ঝানজাইল থেকে দুর্গাপুর পর্যন্ত প্রস্তাবিত রেললাইন সম্প্রসারণ প্রকল্পের সরেজমিন পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও কায়সার কামাল।
বুধবার নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা-এর প্রস্তাবের প্রেক্ষিতে তিনি এ পরিদর্শনে অংশ নেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ বাংলাদেশ রেলওয়ে-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত রেললাইনটি বাস্তবায়িত হলে নেত্রকোণার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে জেলার সরাসরি রেল যোগাযোগ সহজ হবে। এতে ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও পর্যটন খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় জনগণও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়িত হলে দুর্গাপুর, কলমাকান্দা ও হাওরাঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে যাবে। বিশেষ করে পর্যটনকেন্দ্র সুসং দুর্গাপুর-এ পর্যটকদের আগমন আরও বাড়বে বলে মনে করছেন তারা।
ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে নেত্রকোণার যোগাযোগ অবকাঠামো উন্নয়ন আমাদের অগ্রাধিকারে রয়েছে। জারিয়া-ঝানজাইল-দুর্গাপুর রেললাইন সেই লক্ষ্যেরই একটি গুরুত্বপূর্ণ ধাপ।”
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানান, সরেজমিন পরিদর্শনের তথ্য-উপাত্ত যাচাই করে দ্রুতই প্রকল্পটি একনেকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
নেত্রকোণাবাসীর প্রত্যাশা, এই রেললাইন শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, বরং জেলার অর্থনৈতিক উন্নয়ন ও সম্ভাবনার নতুন পথ উন্মোচন করবে।

