চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার ধুম ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন) আর নেই।
বুধবার (১৩ মে) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
তার ছেলে সাবেদুর রহমান সুমু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার বাদ আসর চট্টগ্রামের মীরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকায়ও একটি জানাজার আয়োজন করা হবে, যার স্থান ও সময় পরে জানানো হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি বিভিন্ন সময়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৪৩ সালের ১২ জানুয়ারি মীরসরাই উপজেলার ধুম ইউনিয়নে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬৬ সালে লাহোর থেকে খনিজ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ১৯৬৪ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন।
মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি চট্টগ্রাম অঞ্চলে সাব-সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং গেরিলা যুদ্ধে নেতৃত্ব দেন। স্বাধীনতা যুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

