নিজস্ব প্রতিবেদক :
বরগুনার আমতলীতে ১৩ বছর বয়সী নিজ কন্যাকে দীর্ঘ দুই বছর ধরে ধর্ষণের অভিযোগে ওসমান মোল্লা (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী (উড়ষীতলা) গ্রাম থেকে তাকে আটক করা হয়।
এর আগে ওই কিশোরীর মা মোসা. শাহীনুর বেগম বাদী হয়ে স্বামী ওসমান মোল্লার বিরুদ্ধে আমতলী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওসমান মোল্লা গত দুই বছর ধরে তার কিশোরী কন্যাকে নিয়মিত ধর্ষণ করে আসছিল। ভুক্তভোগী কিশোরীর মা শাহীনুর বেগম জানান, নিজের শারীরিক অসুস্থতার সুযোগ নিয়ে ওসমান এই জঘন্য কাজ শুরু করে।
প্রথম দিকে বিষয়টি বিশ্বাসযোগ্য না মনে হলেও পরবর্তীতে তিনি নিজে কয়েকবার বিষয়টি প্রত্যক্ষ করেন। এরপর অভিযুক্ত ওসমান নিজের ভুল স্বীকার করে শুধরানোর সুযোগ চাইলেও বারবার একই কাণ্ড ঘটিয়ে আসছিল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মা শাহীনুর বেগম আরও জানান, এই ন্যক্কারজনক ঘটনার প্রতিকার চেয়ে তিনি একাধিকবার প্রভাবশালী আত্মীয়-স্বজনদের দ্বারে দ্বারে ঘুরেছেন। কিন্তু তারা বিষয়টি আমলে না নিয়ে বরং ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। নিরুপায় হয়ে শেষ পর্যন্ত তিনি আইনের আশ্রয় নেন। শাহীনুর বেগম বলেন, “আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই। যেন পৃথিবীর কোনো বাবা এমন ঘৃণ্য কাজ করার সাহস না পায়।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাচনাইন পারভেজ জানান, মা ও মেয়ের প্রাথমিক জবানবন্দিতে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ওসমান মোল্লা নিজেও পুলিশের কাছে একাধিকবার ধর্ষণের কথা স্বীকার করেছে।
ওসি আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

