স্টাফ রিপোর্টার :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন মোকামতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা শাকিল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা খাদ্য পরিদর্শক ফারুক হোসেন, খাদ্য পরিদর্শক মোকামতলা এলএসডি পরেশ চন্দ্র মাহাতো, মোকামতলা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক, ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব প্রামাণিক এবং স্থানীয় রবিউল অটো রাইস মিলের স্বত্বাধিকারী রবিউল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হুদা শাকিল বলেন, “কৃষক দেশের মেরুদণ্ড। তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কোনো দালালচক্র বা অনিয়ম যেন কৃষকদের ক্ষতির কারণ না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা গেলে তারা বেশি উপকৃত হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
তিনি মোকামতলা খাদ্য গুদামে স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করে বলেন, কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা ও সঠিক দিকনির্দেশনা প্রদান করা গেলে এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন সম্ভব।
অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে ধান গ্রহণের মাধ্যমে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়।
এই বাংলা/এমএস
টপিক

