স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে আটটায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জাকির হোসেনের নেতৃত্বে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। পরে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মো. জাকির হোসেন বলেন, একসময় দেশে আইনগত সহায়তা কার্যক্রম মূলত বেসরকারি উদ্যোগে সীমাবদ্ধ ছিল এবং দরিদ্র মানুষের জন্য তা কার্যকর ছিল না। বর্তমানে রাষ্ট্রীয়ভাবে এই সহায়তা কার্যক্রম সম্প্রসারিত হয়েছে, যার ফলে অসচ্ছল মানুষ সহজেই আইনি সহায়তা পাচ্ছেন।
তিনি আরও বলেন, আইনগত সহায়তা শুধু মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়; এর মাধ্যমে আইনি পরামর্শ, বিকল্প বিরোধ নিষ্পত্তি এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব। জেলা লিগ্যাল এইড অফিসে ধনী-গরিব নির্বিশেষে সবাই বিনামূল্যে আইনি পরামর্শ নিতে পারেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, দেশের স্বাধীনতার মূল চেতনা ছিল মানুষের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। আইন যেন শুধু বিত্তবানদের জন্য সীমাবদ্ধ না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নূরুল হক, সরকারি কৌশুলী মো. আজহারুল হক, পাবলিক প্রসিকিউটর মো. আনোয়ার আজিজ টুটুল এবং বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর কো-অর্ডিনেটর অ্যাডভোকেট আবুল কাশেম মুছা।
সিভিল জজ সাহেরা বিবি ও তানজিনা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারক, আইনজীবী, প্রশাসনের কর্মকর্তা, মানবাধিকার কর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

