বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালে অভিনব কৌশলে নকলের চেষ্টা করতে গিয়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে।
বহিষ্কৃত পরীক্ষার্থী জিসান রহমান (১৭) বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। কেন্দ্র সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে জিসান টয়লেটে যাওয়ার কথা বলে কক্ষ ত্যাগ করে এবং কৌশলে পাশের এক সহপাঠীর প্রশ্নপত্র সঙ্গে নিয়ে বাইরে চলে যায়। পরে ওই সহপাঠী তার প্রশ্নপত্র খুঁজে না পেয়ে কান্নাকাটি শুরু করলে বিষয়টি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নজরে আসে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দীর্ঘ সময়েও জিসান কক্ষে ফিরে না আসায় সন্দেহ তৈরি হয়। পরে তাকে খুঁজে বের করে তল্লাশি চালালে একটি বিশেষ কলম উদ্ধার করা হয়, যার ভেতরে একটি ক্ষুদ্র মোবাইল ফোন লুকানো ছিল। ধারণা করা হচ্ছে, বাইরে থেকে প্রশ্নের উত্তর সংগ্রহ করে খাতায় লেখার উদ্দেশ্যেই সে এই কৌশল নিয়েছিল।
ঘটনাটি কেন্দ্র সচিবের নজরে আনা হলে তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। কেন্দ্র সচিব বিপ্লব কিশোর চক্রবর্তী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অসদুপায়ের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, পরীক্ষার হলে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অপচেষ্টা রোধে নজরদারি অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

