নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী জেলাতে “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে জেলা আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপারসহ বিচার বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করছে। তারা বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা লিগ্যাল এইড কর্মকর্তা রবিউল ইসলাম জানান, চলতি বছরে এখন পর্যন্ত ৫৩৩টি এডিআর আবেদন দাখিল হয়েছে এবং ৪০৫ জনকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে। একই সময়ে ৫১৫টি বিরোধ নিষ্পত্তি করা হয়েছে এবং প্রায় ১ কোটি ১৮ লাখ টাকারও বেশি অর্থ উদ্ধার ও বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সেরা প্যানেল আইনজীবীদের সম্মাননা প্রদান করা হয় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

