চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মৎস্যচাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬ খ্রি.) চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় মৎস্যচাষীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লবের তত্ত্বাবধানে আয়োজিত এ কার্যক্রমে ২টি গৃহস্থালি পুকুরে দেশীয় ছোট মাছ চাষের প্রদর্শনী খামার স্থাপনের লক্ষ্যে উপকরণ প্রদান করা হয়।
এতে মাছের পোনা হিসেবে একটি পুকুরে শিং মাছ এবং অন্যটিতে তেলাপিয়া মাছের পোনা সরবরাহ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়াও মৎস্যচাষীদের মাছের খাদ্য, শিং মাছের বিশেষ খাদ্য ও তেলাপিয়া মাছের খাদ্য প্রদান করা হয়। পুকুর ব্যবস্থাপনার জন্য চুন এবং পুকুরের পাড়ে সবজি চাষের উদ্দেশ্যে বেগুন, মরিচ ও আমের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির বীজও দেওয়া হয়, যাতে মৎস্যচাষের পাশাপাশি সবজি উৎপাদন বাড়ানো যায়।
এ কার্যক্রমের আওতায় তেলাপিয়া মাছ চাষের উপকরণ পেয়েছেন সাবিনা আক্তার এবং শিং মাছ চাষের উপকরণ পেয়েছেন সায়েমা।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় জানায়, এ ধরনের উদ্যোগ মৎস্যচাষীদের আয় বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই বাংলা/এমএস
টপিক

