পিরোজপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। আজ ১৯ এপ্রিল (রবিবার) জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পুরস্কার বিতরণ ও সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর হলো আমাদের তরুণ প্রজন্ম।

বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমেই আমরা বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে পারব। পিরোজপুরের শিক্ষার্থীরা তাদের মেধা ও উদ্ভাবনী শক্তি দিয়ে আজ প্রমাণ করেছে যে, সুযোগ পেলে তারা অনেক দূর এগিয়ে যাবে।” তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং জেলা পরিষদের পক্ষ থেকে বিজ্ঞান চর্চায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং বিজ্ঞান অনুরাগীরা উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে বক্তারা দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ইতিবাচক প্রয়োগ এবং কুসংস্কারমুক্ত সমাজ গঠনে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রকল্পগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ প্রকল্পগুলোকে পুরস্কৃত করা হয়। এছাড়া বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

পুরস্কার বিতরণী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামে এবারের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল পর্যায়ে বিজ্ঞানের প্রচার ও প্রসারে এ ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here