পূবাইলে কিশোরকে কুপিয়ে জখম: ৫ বখাটের বিরুদ্ধে থানায় অভিযোগ

গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় এক কিশোরকে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একদল বখাটের বিরুদ্ধে।

গত ৬ এপ্রিল করমতলা দেওয়ান বাড়ী মাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরের মা মোসাঃ রুমা আক্তার বাদী হয়ে গত ৭ এপ্রিল পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, ১. মোঃ হামজা (১৬), ২. মোঃ মীর মেহেদী (১৭), ৩. হোসাইন (২০), ৪. নিলয় (১৮) এবং ৫. মুসা (১৮)। তারা সকলেই স্থানীয় করমতলা ও মাজুখান এলাকার বাসিন্দা।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল অভিযুক্তরা প্রথমে জনৈক রাজন দেওয়ান (১৭) নামের এক প্রতিবেশীকে মারধর করে। এর পরদিন ৬ এপ্রিল সকাল ১১টার দিকে রুমা আক্তারের ছেলে হাবিবুল ইসলাম (১২) স্থানীয় মাজারের পাশে গেলে অভিযুক্তরা তাকে আটক করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরিচয় নিশ্চিত হওয়ার পর তারা হাবিবুলকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে লোহার রড দিয়ে তার ডান পায়ে এবং সুইজ গিয়ার (চাকু) দিয়ে বাম হাতের কবজিতে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়।  অভিযোগে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি  করা হয়েছে।

​আহত হাবিবুল ইসলামকে ঘটনার পর দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে সে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।

​ বাদিনী রুমা আক্তার জানান, অভিযুক্তরা এলাকায় অত্যন্ত উচ্ছৃঙ্খল ও দাঙ্গাবাজ হিসেবে পরিচিত। তারা প্রায়ই স্থানীয় লোকজনকে আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে। তিনি তার সন্তানের ওপর হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

এবিষয়ে পূবাইল থানার ওসি আতিকুল ইসলাম জানান, এঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here