খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নতুন বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪৮ জন ব্যবসায়ীর মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে দীঘিনালা জোনের উদ্যোগে এই সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলার নতুন বোয়ালখালী বাজার এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে সাময়িক আর্থিক সহায়তা দেওয়া হয়। সহায়তার আওতায় ৩৪ জন ব্যবসায়ীকে জনপ্রতি ১০ হাজার টাকা এবং ১৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গত ২৭ মার্চ রাতে নতুন বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে বহু ব্যবসায়ী জীবিকা সংকটে পড়েন এবং ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ। এছাড়াও ক্যাপ্টেন আবদুল্লা আল আজমী, ক্যাপ্টেন শেখ সাব্বির আহমাদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল হোসেন, বাজার কমিটির সভাপতি সুভাষ সাহা এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

