গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরীর একটি আলোচিত হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ প্রায় ৩ বছর পর আধুনিক প্রযুক্তি ও নিবিড় তদন্তের মাধ্যমে মামলার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সংস্থাটি।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৩ মে সন্ধ্যায় মাসুদ রানা কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে পথে শাওন মিয়াসহ কয়েকজন তার পথরোধ করে। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর আগে মাসুদ রানা হামলাকারীদের নাম উল্লেখ করে যান, যার একটি অংশ ভিডিওতে ধারণ করা হয়েছিল। এ ঘটনায় তার পরিবার গাজীপুর মহানগর পুলিশের সদর থানায় হত্যা মামলা দায়ের করে।
দীর্ঘ ২ বছর ১০ মাস তদন্তের পর পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলাটি পিবিআই-এর কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে পিবিআই গাজীপুরের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১২ এপ্রিল চট্টগ্রামের মীরসরাই উপজেলার ওয়াহেদপুর এলাকা থেকে প্রধান অভিযুক্ত শাওন মিয়াকে গ্রেপ্তার করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। জানা যায়, মাত্র ২০০ টাকার লেনদেনকে কেন্দ্র করে মাসুদ ও শাওনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হলে শাওন মিয়া মাসুদের কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি জানিয়েছেন।
পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে মামলার রহস্য উদঘাটিত হয়। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, স্থানীয় সূত্র এবং পেশাদার তদন্তের সমন্বয়ে এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা সম্ভব হয়েছে।
দীর্ঘদিন পর এই চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন হওয়ায় নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

