কুড়িগ্রামের নাগেশ্বরীতে তেল নিতে গিয়ে গ্রেফতার একাধিক মামলার আসামি

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন একাধিক মামলার এক আসামি।

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১২টার দিকে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকার জুলেখা ফিলিং স্টেশনে তেল নিতে গেলে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লা হীল জামান।

গ্রেফতারকৃত মোঃ রবিউল ইসলাম রনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সোনাইর খামার এলাকার মোঃ মজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় হত্যাচেষ্টাসহ তিনটি মামলা রয়েছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লা হিল জামান বলেন, মোঃ রবিউল ইসলাম রনি একই এলাকার মোঃ আমজাদ হোসেনকে হত্যাচেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সোমবার তিনি মোটরসাইকেল নিয়ে জুলেখা ফিলিং স্টেশনে তেল সংগ্রহ করতে গিয়েছিলেন।

সেখানে তেলের লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করার সময় বাদীপক্ষের লোকজন তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, চলতি বছরের ১৩ জানুয়ারি বিকালে একই এলাকার আমজাদকে পূর্ব শত্রুতার জেরে পথরোধ করে হামলা করে এবং হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে জখম করে প্রতিপক্ষের ৪-৫ জন।

গুরুতর আহত অবস্থায় আমজাদকে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় মোঃ আমজাদ হোসেনের বাবা মোঃ মোক্তার হোসেন বাদী হয়ে মোঃ রবিউল ইসলাম রনি, মোঃ খাইরুল ইসলামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে জানুয়ারি মাসে নাগেশ্বরী থানায় একটি মামলা করেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লা হীল জামান বলেন, এই মামলায় রনিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এছাড়াও রনির বিরুদ্ধে একই থানায় সংখ্যালঘুর জমি দখলের চেষ্টা, বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ এবং রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আরিফুজ্জামান দীপকে হত্যা চেষ্টার মামলা রয়েছে বলে জানান ওসি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here