পাবনা প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু (সনাতন) ধর্ম গ্রহণ এবং ভিন্ন ধর্মের এক তরুণীকে বিয়ে করায় মো. সজল আলী ওরফে সজল সরদারকে ত্যাজ্য পুত্র ঘোষণা করেছেন তার পিতা মো. আজগর আলী সরদার।
রবিবার (৫ এপ্রিল) পাবনা জেলা নোটারি পাবলিক কার্যালয়ে একটি হলফনামার মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। সজল আলী উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী চাঁদার মোড় গ্রামের বাসিন্দা এবং তিনি আজগর আলী সরদারের একমাত্র সন্তান।
হলফনামায় উল্লেখ করা হয়, সজল আলী গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নোটারি পাবলিকের মাধ্যমে কুমারী আরতি রাণী (পিতা: শ্রী সরগেন মণ্ডল, মাতা: শ্রীমতি শেফালী মণ্ডল, গ্রাম: গোলচত্তর, সাহাপুর, ঈশ্বরদী)কে বিবাহ করেন। এর আগে গত ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আরেকটি হলফনামার মাধ্যমে তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে সজল সরকার রাখেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পিতা আজগর আলী সরদার হলফনামায় আরও উল্লেখ করেন, তার ছেলে ধর্ম পরিবর্তনের মাধ্যমে পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ পরিত্যাগ করেছেন। এ কারণে তিনি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে তাকে সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
হলফনামা অনুযায়ী, তার মৃত্যুর পর সজল আলী ওরফে সজল সরদার কোনোভাবেই পৈতৃক সম্পত্তির অংশীদার হতে পারবেন না এবং ভবিষ্যতে এ সংক্রান্ত কোনো দাবি আইনগতভাবে গ্রহণযোগ্য হবে না বলেও উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এই বাংলা/এমএস
টপিক

