কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপি নেতার বাড়ি থেকে জ্বালানি তেল উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেনের বাড়ি থেকে তিনটি ড্রামে থাকা প্রায় ৫০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (০৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের কলেজ রোড এলাকায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ দিলারা আক্তার ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এই তেল জব্দ করেন। ইউএনও দিলারা আক্তার এ তথ্য জানান।

তবে অভিযুক্ত বিএনপি নেতা মোঃ আবুল হোসেন তার বাড়িতে অভিযান চালানোর বিষয়টি অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘আমার বাড়িতে কোনও অভিযান চালানো হয়নি।’

মোঃ আবুল হোসেন ফুলবাড়ী উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ফুলবাড়ী উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। একইসঙ্গে ফুলবাড়ী উপজেলার ‘কবির মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মোঃ আবুল হোসেনের বাড়িতে জ্বালানি তেল মজুত থাকার খবরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ দিলারা আক্তার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

ফুলবাড়ী থানা পুলিশ অভিযানে অংশ নেয়। অভিযানে মোঃ আবুল হোসেনের বাড়ির একটি ঘর থেকে দুটি বড় ও একটি ছোট ড্রামে থাকা প্রায় ৫০ লিটার অকটেন জব্দ করা হয়। পরে তেলগুলো নিলামে বিক্রি করা হয়। তবে অভিযুক্ত মোঃ আবুল হোসেন ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় তাকে কোনও শাস্তি দেননি ভ্রাম্যমাণ আদালত। তাকে সতর্ক করা হয়েছে।

তবে অভিযানের বিষয়টি অস্বীকার করেছেন আবুল হোসেন। তিনি বলেন, ‘আমার বাড়িতে কোনও অভিযান চালানো হয়নি। কোনও তেল উদ্ধারের ঘটনাও ঘটেনি। কোথায় থেকে উদ্ধার হয়েছে, তা আমি জানি না।’

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ দিলারা আক্তার বলেন, ‘আবুল হোসেনের বাড়ি থেকে প্রায় ৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ভুল স্বীকার করায় তাকে সতর্ক করা হয়েছে। উদ্ধারকৃত তেল নিলামে বিক্রি করা হয়েছে। বিক্রি করা তেলের টাকা রাষ্ট্রীর কোষাগারে জমা দেওয়া হবে।’

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here