কাঠালিয়ায় ভেরিবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের তালতলা খাল সংলগ্ন ভেরিবাঁধ নির্মাণের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় তালতলা খালের পাশে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের অভিযোগ, ভূমিদস্যু হিসেবে পরিচিত সুলতান মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে একদল লোক মানববন্ধনে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালিয়ে কর্মসূচি পণ্ড করার চেষ্টা করে। তবে গ্রামবাসীর প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়।

এলাকাবাসী জানান, পশ্চিম আউরা তালতলা খালে ভেরিবাঁধ না থাকায় প্রতিবছর বন্যা ও বর্ষা মৌসুমে পানি ঢুকে শত শত একর জমির ফসল, গাছপালা, মাছ ও পানের বরজের ব্যাপক ক্ষতি হয়। একই সঙ্গে বাড়িঘর তলিয়ে যাওয়ায় স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছায়। শিক্ষার্থী, নারী ও রোগীদের চলাচলেও ভোগান্তি সৃষ্টি হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার খালের তীরে প্রায় দুই কিলোমিটার ভেরিবাঁধ নির্মাণ কাজ শুরু করলেও স্থানীয়দের অভিযোগ, নাসির উদ্দিন বিভিন্নভাবে বাধা দেওয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃপক্ষ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়।

                            মানববন্ধনে হামলা

নির্মাণ কাজ দ্রুত শুরু করার দাবিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। কোনো প্রতিকার না পেয়ে তারা মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মালেক তালুকদার, ব্যবসায়ী মো. গোলাম রব্বানী মিলন, কলেজছাত্রী নাজমা আক্তার ও গৃহিণী মাসুমা বেগম।

এলাকাবাসী দ্রুত ভেরিবাঁধ নির্মাণ কাজ পুনরায় শুরু এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here