কিশোরগঞ্জে গ্রাম পুলিশ নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নে গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগ বঞ্চিত এক প্রার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়ার বিরুদ্ধে অভিযোগ এনে রবিবার বিকেলে কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রার্থী মো. আব্দুল হালিম লিখিত বক্তব্যে জানান, তিনি চাঁদখানা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং শারীরিক ফিটনেস ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। গত ২ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদন করে তিনি সকল ধাপ সফলভাবে সম্পন্ন করেন।

তিনি দাবি করেন, নিয়োগ কমিটির সভাপতি ও তৎকালীন ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্বাক্ষরিত ফলাফলে তাকে চূড়ান্তভাবে মনোনীত করেন। তবে নিয়োগপত্র নিতে গেলে ইউএনও অফিসের সহকারী ফুয়াদ ও মুকুল হোসেন তার কাছে ৪ লাখ টাকা দাবি করেন।

অভিযোগে তিনি আরও বলেন, দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে পরবর্তীতে শারীরিক ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া মজিদুল ইসলাম নামে একজনকে গোপনে নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি জানতে পারেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ বিষয়ে ইউএনওর সঙ্গে যোগাযোগ করলে তাকে জানানো হয়, তার আবেদনে ত্রুটি থাকায় চাকরি দেওয়া সম্ভব নয়। তবে বিকল্প প্রার্থীর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

চাঁদখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান যাদু বলেন, আব্দুল হালিম নামে একজন প্রার্থী শারীরিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে মনোনীত হয়েছিলেন বলে তিনি জানেন। তবে পরবর্তীতে কাকে নিয়োগ দেওয়া হয়েছে সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

ভুক্তভোগী আব্দুল হালিম সংবাদ সম্মেলনে বলেন, “প্রভাবশালী আত্মীয়-স্বজন না থাকায় আমাকে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে।” তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তাকে নিয়োগ দেওয়ার দাবি জানান।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য বদলিকৃত ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়ার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here