পূবাইলে থানার স্থায়ী ভবনের নির্মাণকাজ উদ্বোধন, বাড়বে সেবার মান

পূবাইল থানার স্থায়ী ঠিকানা উদ্বোধন করলেন জিএমপি কমিশনার / ছবি - এই বাংলা

গাজীপুর প্রতিনিধি :


গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশের দীর্ঘদিনের আবাসন ও অবকাঠামোগত সংকট দূর করতে স্থায়ী ভবন নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে পূবাইল কলেজগেট সংলগ্ন সরকারি জমিতে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোঃ ইসমাইল হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আধুনিক ও স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তুলতে ভৌত অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে ভাড়া ভবনে কার্যক্রম পরিচালনার কারণে পূবাইল থানাকে নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হয়েছে। নিজস্ব ভবন নির্মিত হলে পুলিশি কার্যক্রমে গতি আসবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সদস্যরা আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবেন।

তিনি আরও বলেন, জনগণ যাতে হয়রানিমুক্তভাবে দ্রুত নাগরিক সেবা পায়, সেটিই পুলিশের মূল লক্ষ্য।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বর্তমানে পূবাইল থানার কার্যক্রম মিরের বাজার এলাকায় ভাড়া করা একটি ছোট ভবনে পরিচালিত হচ্ছে। সীমিত পরিসরে দাপ্তরিক কাজ পরিচালনা করতে গিয়ে পুলিশ সদস্যদের পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষকেও নানা ভোগান্তির শিকার হতে হয়েছে। নতুন ভবন নির্মাণের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ মহিউদ্দিন, সহকারী পুলিশ কমিশনার এশাদুর রহমান (এসি পূবাইল-গাছা জোন), পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান এবং পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত নির্মাণকাজ সম্পন্ন হলে থানার কার্যক্রম স্থায়ী ভবনে স্থানান্তর করা সম্ভব হবে এবং সেবার মান আরও উন্নত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here