কুড়িগ্রাম প্রতিনিধি :
ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় তিনটি বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বিএসসি মোড়ে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, বিআরটিএ, কুড়িগ্রামসহ প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ঢাকা ও কুমিল্লাগামী বাসের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দামে টিকিট বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা লঙ্ঘনের দায়ে নুর স্পেশাল কাউন্টারকে ২ হাজার টাকা, লাভা কাউন্টারকে ২ হাজার টাকা এবং নদী কাউন্টারকে ৫০০ টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ৫০০ টাকা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযানকালে কাউন্টারগুলোতে নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী টিকিট বিক্রি করা হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করা হয়। যেসব কাউন্টারে ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শিত ছিল না, সেগুলোকে দ্রুত তালিকা প্রকাশ্যে টানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিক। এ সময় তিনি বলেন, ‘ঈদ শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করায় পরিবহনে যাত্রীর চাপ বেড়েছে। এ সুযোগে কিছু পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যাত্রীদের ভোগান্তি কমাতে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’এ সময় নাগেশ্বরী থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

