গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শাহগঞ্জ গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. গোলাম মোস্তফা (৪০) এবং নেত্রকোনা জেলার আশকুরি গ্রামের সুলতু মিয়ার ছেলে মো. অসিম (৩৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জৈনাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে একজনের কাছ থেকে ৮ হাজার পিস এবং অপরজনের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মাদক চোরাকারবারি চক্রের সদস্য। তারা ময়মনসিংহ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে গাজীপুরের শ্রীপুরে নিয়ে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
এই বাংলা/এমএস
টপিক

