বিশেষ প্রতিনিধি :
শেরপুর জেলায় জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে।
শেরপুর সদর উপজেলায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলা সদরের বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেন।
এসময় মজুদ সংক্রান্ত অনিয়মের অভিযোগে একটি মামলায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে বাবর ফিলিং স্টেশন ও মমিনবাগ ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণ কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে, যা সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে কোনো ধরনের অস্থিরতা তৈরি না হয়, সেজন্য নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে।
অন্যদিকে, নকলা উপজেলায় দেশ ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়।
সেখানে মজুদ যাচাইসহ বিক্রয় প্রক্রিয়ায় কোনো অনিয়ম আছে কিনা তা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নালিতাবাড়ী উপজেলাতেও পেট্রল পাম্পসমূহে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানের সময় মজুদ, বিতরণ ও সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
একইসঙ্গে অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন, শেরপুর জানিয়েছে, জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত ও বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালু থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

