হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অবৈধভাবে বাড়িতে ডিজেল তেল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে। এ সময় এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেল তিনটার দিকে উপজেলার গালা ইউনিয়নের রাজার কলতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বাড়িতে ২০টিরও বেশি তেলের ড্রাম পাওয়া গেলেও সেখানে ৮০ লিটার ডিজেল জব্দ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ ঘটনায় রাজার কলতা এলাকার নয়ন (২৮) নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় নয়ন জানান, তার শশুর রফিকুল ইসলাম বাল্লা ইউনিয়নের ভাদিয়াখোলা এলাকার একজন তেলের ডিলার। শশুরের দেওয়া তেল তিনি নিজের বাড়িতে এনে বিক্রি করছিলেন।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি জানান, অবৈধভাবে তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

