কুড়িগ্রামে সরকারি ৪০ হাজার ট্যাবলেট ও যন্ত্র পাচারকালে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার আটক

কুড়িগ্রামে সরকারি ওষুধ ও সরঞ্জাম পাচারের সময় স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার আটক / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিনামূল্যে বিতরণের সরকারি ৪০ হাজার পিস ট্যাবলেট এবং ১৮টি ওজন পরিমাপক যন্ত্র পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার মোঃ ফারুক আহমেদকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) রাত ৯টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কলেজপাড়া মাস্টার কলনিপাড়া এলাকার একটি কুরিয়ার সার্ভিসের বুকিং অফিস থেকে ওষুধসহ স্টোরকিপারকে আটক করা হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কাওসার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্টোরকিপার মোঃ ফারুক আহমেদ প্রায় ৪০ হাজার পিস মেট্রোনিডাজল ট্যাবলেট এবং ১৮টি ওজন পরিমাপক যন্ত্র বের করেন। এসব পণ্য তিনি সন্ধ্যার দিকে উপজেলার কলেজপাড়ায় একটি কুরিয়ার সার্ভিসের বুকিং কার্যালয়ে নিয়ে যান। পরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত স্টোরকিপার মোঃ ফারুক আহমেদকে আটক করে। একইসঙ্গে ওষুধ ও মালামাল জব্দ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জিজ্ঞাসাবাদ ও বুকিং ঠিকানার বরাতে পুলিশ জানায়, চুরি করা ওষুধ ও মালামাল ঢাকার বাবুবাজার মিটফোর্ড এলাকার এক ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যে বুকিং করা হচ্ছিল।

কুরিয়ার সার্ভিস কোম্পানির স্থানীয় অপারেশন অপারেটর মোঃ আরিফুল ইসলাম খান বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার মোঃ ফারুক আহমেদ কিছু মালামাল ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে নিয়ে আসেন। পরে প্যাকেট খুলে দেখতে পাই সরকারি বিনামূল্যের ওষুধ ও ওজন পরিমাপক যন্ত্র। পরে খবর পেয়ে পুলিশ এসে মালামাল জব্দ করে এবং স্টোরকিপারকে আটক করে।’

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ বলেন, ‘ওষুধ ও ওজন মাপার যন্ত্রগুলো আমাদের হাসপাতালের। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।’

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কাওসার আলী জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here