পাবনা প্রতিনিধি :
পাবনা ওয়েলফেয়ার অর্গানাইজেশন সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ হিসেবে অসুস্থ ও আর্থিকভাবে বিপর্যস্ত মো. মোজাম্মেল শেখকে আর্থিক সহায়তা প্রদান করেছে। সংগঠনটির এই সহায়তা তার পরিবারের দৈনন্দিন জীবনের চাপ কিছুটা লাঘব করবে বলে আশা করা হচ্ছে।
মোজাম্মেল শেখ (৪২) পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের রাইশিমুল পশ্চিম গ্রামের বাসিন্দা। তার পরিবারে চার কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে, যার বয়স আনুমানিক তিন থেকে চার বছর। দীর্ঘদিন ধরে অসুস্থতা ও আর্থিক সংকটে পরিবারটির জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছিল।
পাবনা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের জন্য এ ধরনের সহায়তা অনেক সময় আশার আলো হয়ে দাঁড়ায়। সংগঠনটি নিয়মিতভাবে অসুস্থ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করে আসছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন হোসেন বলেন, “সমাজের প্রতি আমাদের দায়িত্ব শুধু নিজের জন্য নয়, অসহায় মানুষের জন্যও কাজ করা। সেই লক্ষ্যেই আমরা সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি জানান, সমাজ, রাষ্ট্র ও জনগণের সার্বিক উন্নয়নে অংশীদার হওয়ার লক্ষ্যে ‘সুজানগর ব্লাড ডোনার ক্লাব পাবনা’ নামে একটি অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। এ সংগঠনের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও বৃত্তি প্রদান, দরিদ্র পরিবারের ছেলে-মেয়েদের বিয়েতে সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সংগঠনের সহ-পরিচালক নাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক আইনুল ইসলাম শিমুল জানান, এলাকাবাসীর সমর্থন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের কার্যক্রম পরিচালনায় অনুপ্রেরণা জোগাচ্ছে। ভবিষ্যতে সবার সহযোগিতা পেলে এই মানবিক কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে বলেও তারা জানান।
পাবনা ওয়েলফেয়ার অর্গানাইজেশন নিয়মিত মানবিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে স্থানীয় মানুষের মাঝে আস্থা, ভরসা ও কৃতজ্ঞতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
এই বাংলা/এমএস
টপিক

