বিশেষ প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রোববার (৮ মার্চ) সকালে অভিযান চালিয়ে পিকআপ ভ্যানে রাখা ৫৪৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুলের নেতৃত্বে অভিযানিক দল ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গুরু চরণ দুধনই এলাকার পানবর-ধানশাইল সড়কে অভিযান চালায়। এ সময় একটি হলুদ রঙের পিকআপ ভ্যান তল্লাশি করে ৫৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আটক ব্যক্তি আকাশ (৩৬) শ্রীবরদী উপজেলার তাতিহাটি এলাকার সাদা মিয়ার ছেলে। কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান জানান, উদ্ধারকৃত মদ ও পিকআপ ভ্যানের সিজার মূল্য প্রায় ২৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা। অভিযানে ভারতীয় ৮টি ব্র্যান্ডের মোট ৫৪৫ বোতল মদ জব্দ করা হয়েছে।
বিজিবি নায়েক নাজমুল বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। আটক আকাশকে পরে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

