স্টাফ রিপোর্টার :
সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের বৃহৎ উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কাহারোল উপজেলার বলরামপুর সাহা পাড়ায় খাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, দেশের নদী, খাল ও জলাশয়সমূহকে পুনঃখনন করা হচ্ছে, যা স্থানীয় কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, পুনঃখনিত খালের মাধ্যমে এ অঞ্চলের প্রায় ৬ হাজার বিঘা জমি চাষের আওতায় আসবে, যার ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, অতীতে নদী ও খাল খননের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল। সম্প্রতি একাধিক মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং খনিত খাল পুনরায় ভরাট না হওয়ার জন্য একটি টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে খালপাড়ে বৃক্ষরোপণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
ফরহাদ হোসেন আজাদ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে যে যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন, আমরা সেই পথ অনুসরণ করেই এই কর্মসূচি বাস্তবায়ন করব।”
সরকারের এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে দেশের কৃষি খাতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

