বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাঁও ফজিলতপাড়া এলাকার কৃষক সাইফুল ইসলাম চলতি মৌসুমে ভুট্টা চাষ করে বাম্পার ফলনের আশা প্রকাশ করেছেন। সঠিক পরিচর্যা ও অনুকূল আবহাওয়ার কারণে তার ক্ষেতের ভুট্টা গাছ সুস্থ ও সবলভাবে বেড়ে উঠেছে এবং শীষ আসতে শুরু করেছে।
সাইফুল ইসলাম জানান, ধানের পাশাপাশি ভুট্টা চাষ এখন কৃষকদের কাছে লাভজনক ফসল হিসেবে পরিচিত। তিনি বলেন, “সঠিক সময়ে বপন ও পরিচর্যা করলে ভুট্টা থেকে ভালো ফলন পাওয়া সম্ভব। এবারের আবহাওয়াও ভালো আছে। যদি প্রাকৃতিক দুর্যোগ না ঘটে, তবে আশা করছি এবার ভালো ফলন হবে।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, বকশীগঞ্জের বিভিন্ন এলাকায় এ বছর ভুট্টা চাষ বেড়েছে। বাজারে ভুট্টার চাহিদা থাকায় কৃষকেরা ধানের পাশাপাশি ভুট্টা আবাদে আগ্রহী হচ্ছেন। কৃষি বিভাগও প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, কৃষক সাইফুল ইসলাসহ অন্য কৃষকদের ভালো ফলন আশা করার ফলে এলাকার কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে।

