রাজশাহীতে মার্কেট দখলের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন

রাজশাহীতে মার্কেট দখল ও অপরাধের অভিযোগে সংবাদ সম্মেলনে ইব্রাহিম / ছবি - এই বাংলা

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী নগরীতে সম্প্রতি প্রকাশিত বিভিন্ন অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম।

সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যমে তার বিরুদ্ধে মার্কেট দখল, সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততা, মাদক সংশ্লিষ্টতা এবং ব্যক্তির বাড়ি দখলের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে, যা ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে সাধারণ মানুষের অধিকার ও স্বচ্ছতার পক্ষে কাজ করে আসছেন। তার এই ভূমিকা বাধাগ্রস্ত করতেই একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

ইব্রাহিম জানান, তিনি সম্প্রতি টিসিবি পণ্য ও কার্ড বিতরণে অনিয়ম, আত্মীয়করণ ও তালিকা বাণিজ্যের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানান। এর পর থেকেই ৩ নম্বর পূর্বের একাংশের নেতাকর্মীরা তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে দাবি করেন তিনি।

এ প্রসঙ্গে তিনি স্থানীয় এক রাজনৈতিক নেতার পাশাপাশি রাজশাহী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের এক নেতার নাম উল্লেখ করে বলেন, নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, তিনি কারও রাজনৈতিক অতীত নিয়ে মন্তব্য করতে চান না। তবে তার বিরুদ্ধে যেকোনো অভিযোগ তথ্য-প্রমাণের ভিত্তিতে উপস্থাপনের আহ্বান জানান। ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে কাউকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

লিখিত বক্তব্যে ইব্রাহিম স্পষ্টভাবে জানান, তিনি কোনো সরকারি বা বেসরকারি স্থাপনা দখল করেননি এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। বরং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তিনি অপপ্রচারের শিকার হচ্ছেন বলে দাবি করেন।

তিনি প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে সত্য উদঘাটনের দাবি জানান এবং একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান। একই সঙ্গে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই ও উভয় পক্ষের বক্তব্য নেওয়ার মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা প্রয়োজন।

শেষে তিনি বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যেকোনো তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here