
গাজীপুর প্রতিনিধি :
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করেছে।
আজ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোঃ আনিছুর রহমান, বিভিন্ন স্কুলের ডীন, বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, “অমর একুশ আমাদের আত্মমর্যাদা ও জাতীয় চেতনার উজ্জ্বল প্রতীক। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ভাষা শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ভাষাগত অধিকার ও সাংস্কৃতিক আত্মপরিচয়।” তিনি ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে শিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধের বিকাশের মাধ্যমে জ্ঞানভিত্তিক, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে সবার ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দিবসের সূচনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। শহিদ মিনার প্রাঙ্গণ বর্ণমালা খচিত ব্যানার, ফেস্টুন ও আল্পনায় সুসজ্জিত করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস গাজীপুর ক্যাম্পাসস্থ শহিদ মিনারে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও সারাদেশে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।
এই বাংলা/এমএস
টপিক
