পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহিদ মিনার, পিরোজপুর প্রাঙ্গণে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। তিনি তার বক্তব্যে বলেন, “৫২-এর ভাষা আন্দোলনই ছিল আমাদের স্বাধিকার আন্দোলনের মূল চালিকাশক্তি। শহিদদের রক্তে ভেজা এই বর্ণমালা আমাদের অহংকার। বর্তমান সরকার ভাষা শহিদদের স্বপ্ন বাস্তবায়নে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাসুদ সাঈদী। তিনি নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভাপতির সমাপনী বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। তিনি বলেন, “জেলা প্রশাসন পিরোজপুর ভাষা ও সংস্কৃতির বিকাশে সর্বদা সচেষ্ট। আজকের এই আয়োজন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে।”
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে ভাষা আন্দোলনের গান ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের বিমোহিত করে।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।
এই বাংলা/এমএস
টপিক

