
প্রদীপ বড়ুয়া জয় :
পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়ন ও সংস্কারে প্রতিষ্ঠান পুনর্গঠন, নৈতিকতার উন্নয়ন এবং নতুন জনবল নিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়–এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও নৈতিকতা উন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা ফিরিয়ে আনতে সরকার কাজ করতে চায়।
তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে হবে। এ ক্ষেত্রে বাজেট মঞ্জুরির বিষয়েও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন রয়েছে। নতুন জনবল নিয়োগ এবং সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নের জন্য একটি বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনা প্রয়োজন। এ জন্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে সুপারিশ ও পরামর্শ প্রস্তুত করার নির্দেশ দেন তিনি। এসব সুপারিশের ভিত্তিতেই সংস্কার কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণ করা হবে বলে জানান মন্ত্রী।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএমসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক
