
নিজস্ব প্রতিবেদক :
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ যথাযোগ্য মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জলঢাকা উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহম্মেদ। সভায় উপস্থিত প্রধান ও বিশেষ অতিথিরা আগামী ২১ ফেব্রুয়ারির কর্মসূচি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভাষাশহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহম্মেদ বলেন, ভাষাশহিদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছি। তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলার সঙ্গে পালনের জন্য সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফল ও সার্থকভাবে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এই বাংলা/এমএস
টপিক
