মদনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের বসতঘর ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি

0
51
মদনে রাতের আগুনে ক্ষতি প্রায় ৩৫ লাখ টাকা সিলিন্ডার বিস্ফোরণে ছাই দুই পরিবারের স্বপ্ন / ছবি - এই বাংলা

নেত্রকোনা প্রতিনিধি :

 

নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী গ্রামের বড়বাড়ী এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনায় দুই পরিবারের বসতঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত মানিক মিয়া (৪৫) প্রথম আলোকে জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তাঁর বসতঘর পুরোপুরি আগুনে ভস্মীভূত হয়। আগুনে পুড়ে গেছে প্রায় ৪ লাখ টাকা নগদ, ২০০ মণ ধান, ৩০ মণ চাল, বিভিন্ন খাদ্যশস্য, প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, ৭০ বস্তা সিমেন্ট, একটি ফ্রিজ, কাঠের আসবাবপত্রসহ ঘরের প্রয়োজনীয় সব মালামাল। এতে তাঁর প্রায় ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের বাসিন্দা লিংকনের ঘরেও। তাঁর ঘরে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণালংকার, ১০০ মণ ধান, ২০ মণ চাল ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। এতে তাঁর আনুমানিক ১৪ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

খবর পেয়ে আশপাশের গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর মদন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ইউনিয়নের সড়কব্যবস্থা বেহাল থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনার খবর পেয়ে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মদন থানা–পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত দুই পরিবার কান্নাজড়িত কণ্ঠে জানান, বসতঘরসহ সবকিছু পুড়ে যাওয়ায় তাঁরা নিঃস্ব হয়ে পড়েছেন। তাঁরা সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছেন।

এ ঘটনায় গ্রামজুড়ে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here