কুড়িগ্রামে পারিবারিক জমিজমা বিরোধে বাবার লাশ বাড়ির আঙিনায়, দাফন বিলম্বিত

0
62
কুড়িগ্রামে পারিবারিক জমি বিরোধে বাবার দাফন বন্ধ, মরদেহ আঙিনায় / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পৌরসভা এলাকায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে বাবার লাশ বাড়ির আঙিনায় রেখে দাফন বিলম্বিত করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ডের পয়ড়াডাঙ্গা বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা আজিজার রহমান (৭৫) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইন্তেকাল করেন। পরদিন বুধবার সকাল ১১টায় জানাজা অনুষ্ঠিত হবে বলে এলাকায় মাইকিং করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত আজিজার রহমানের প্রথম স্ত্রী মোছাঃ জয়গুন বেগমের ঘরে এক ছেলে মনভোলা ওরফে মোঃ আব্দুল হাকিম (৫৫) এবং তিন মেয়ে মোছাঃ জোসনা বেগম, মোছাঃ ময়না বেগম ও মোছাঃ কাছুয়া বেগম রয়েছেন। প্রায় ৩০ বছর আগে প্রথম স্ত্রীর মৃত্যু হলে তিনি মোছাঃ রহিমা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর ঘরে এক ছেলে মোঃ টাইগার রহমান (৩৩) ও এক মেয়ে মোছাঃ আকলিমা বেগম (৩০) জন্মগ্রহণ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযোগ রয়েছে, জীবদ্দশায় মৃত আজিজার রহমান তার স্থাবর-অস্থাবর সম্পত্তি দ্বিতীয় স্ত্রীর সন্তানদের নামে লিখে দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসী জানাজায় অংশ নিতে এলে প্রথম স্ত্রীর সন্তানরা দাফনে আপত্তি জানান। তাদের দাবি, বাবার রেখে যাওয়া সম্পত্তি সমানভাবে বণ্টন এবং প্রয়োজনীয় দলিল সম্পন্ন করতে হবে। অন্যথায় তারা জানাজা ও দাফন করতে দেবেন না।

সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্থানীয় মুরুব্বিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে বিরোধ মীমাংসার চেষ্টা করেন। তবে দীর্ঘ আলোচনা সত্ত্বেও কোনো সমাধান না হওয়ায় বিকেল পর্যন্ত মরদেহ বাড়ির বাহির আঙিনায় কাফন পরানো অবস্থায় খাটিয়ায় পড়ে থাকে।

প্রতিবেশী মোঃ আমিনুর রহমান, মোঃ আব্দুল আলী ও মোঃ আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক ঘটনা। পারিবারিক বিষয় থাকলেও মৃত ব্যক্তির সম্মান রক্ষা করা সবার আগে প্রয়োজন।

পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম বলেন, দাফন সম্পন্ন করার পর আইনি বা সামাজিকভাবে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা উচিত ছিল।

এ ঘটনায় এলাকাবাসীর অনেকে ক্ষোভ প্রকাশ করে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here