বিশেষ প্রতিনিধি :
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর বিপণিবিতান ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানী ঢাকার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান।
সভায় ঢাকা মহানগরীর বিভিন্ন বিপণিবিতান ও শপিংমলকেন্দ্রিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান বলেন, রমজান মাসে যানজট নিরসনে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। যাতে সড়কে যানজট সৃষ্টি না হয় এবং পথচারীরা নির্বিঘ্নে ফুটপাত ব্যবহার করে চলাচল করতে পারেন, সে জন্য পুলিশের পাশাপাশি ব্যবসায়ী ও সংশ্লিষ্টদেরও সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রতিটি শপিংমলের সামনে ও আশপাশে স্বেচ্ছাসেবক মোতায়েনের ব্যবস্থাও রাখতে হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় আরও বক্তব্য দেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার, বিপিএম (সেবা)। তিনি বলেন, ঢাকা শহরের অন্যতম বড় সমস্যা হচ্ছে যানজট। রমজান মাসে যানজট নিরসনে ডিএমপির ট্রাফিক বিভাগ ও ক্রাইম বিভাগের সদস্যদের পাশাপাশি অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। সবাইকে ট্রাফিক আইন মেনে চলার জন্য তিনি অনুরোধ জানান। সবার আন্তরিক সহযোগিতায় রমজান মাস সুন্দরভাবে সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সমন্বয় সভায় আসন্ন পবিত্র মাহে রমজানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি তাঁদের মতামত তুলে ধরেন। সভায় বিপণিবিতান ও ব্যবসায়ী প্রতিনিধিদের পাশাপাশি ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার এবং বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

