‘অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২’-এ রাজধানীতে ৬ জন গ্রেপ্তার, অস্ত্র ও গুলি জব্দ

0
68
প্রতিকি ছবি

বিশেষ প্রতিনিধি :

 

রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (৭ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর, বাড্ডা, বংশাল, ভাষানটেক ও ভাটারা থানা পুলিশের পৃথক অভিযানে এসব গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর, বাড্ডা, বংশাল ও ভাটারা থানা থেকে একজন করে এবং ভাষানটেক থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, শনিবার দিনভর অভিযান চালিয়ে মো. জহিরুল ইসলাম জহির (৪৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অন্যদিকে বাড্ডা থানা পুলিশ একই দিনে অভিযানে মেহেদী হাসান দীপু ওরফে দীপু (৪০) নামের একজনকে গ্রেপ্তার করে। তাঁর হেফাজত থেকে তিনটি রিভলভার, নয়টি পিস্তল, একটি রাইফেল, একটি একনলা এয়ারগান, একটি দুইনলা এয়ারগান, গুলিভর্তি ১০টি ম্যাগাজিন ও ৭৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ ছাড়া দুটি খালি ম্যাগাজিন, বিভিন্ন বোরের ৩০ রাউন্ড তাজা কার্তুজ, ০.২২ বোরের ২০৯ রাউন্ড গুলি, ৭.৬৫ এমএম-এর ১১০ রাউন্ড গুলি, ৯ এমএম-এর একটি গুলি, দুটি ওয়াকিটকি ও একটি অতিরিক্ত ব্যাটারি, একটি বাইনোকুলার, একটি ল্যাপটপ, তিনটি চাইনিজ কুড়াল, দুটি মোবাইল ফোন এবং একটি ছুরি উদ্ধার করা হয়।
বংশাল থানা সূত্রে জানা যায়, একই অভিযানে মো. সোহেল (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভাষানটেক থানা পুলিশ জানায়, অভিযানে মোছা. সাথী আক্তার (৩৫) ও মো. সাজ্জাদ হোসেন (১৯) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ভাটারা থানা পুলিশ শামসু (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে বলে জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার করা সবাইকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ‘অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২’–এর আওতায় অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here